ঢাকাSunday , 18 October 2026
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আমাদের স্পেশাল
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মতামত
  15. রংপুর
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে দুর্গন্ধযুক্ত ময়লার স্তুপ

Link Copied!

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর পার্বতীপুর সড়কের পাশে বছরের পর বছর ধরে জমে থাকা ময়লার ভাগাড় বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। একই সঙ্গে শহরের বিভিন্ন সড়কের পাশে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণের উদ্যোগ নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুর্গন্ধে দুর্ভোগ পোহালেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

রোববার (১৮ অক্টোবর) সকালে সৈয়দপুর শহরের টার্মিনাল এলাকা থেকে পার্বতীপুর সড়কের পানি উন্নয়ন বোর্ডের পাশেই গিয়ে দেখা যায়, ময়লার স্তূপের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। এতে সড়কের পাশের ভাগাড়টি আগের তুলনায় কিছুটা পরিচ্ছন্ন দেখাচ্ছে। সৈয়দপুর বিমানবন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই সড়ক দিয়ে রংপুরে যাবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে শহরের বাসা বাড়ি, হাসপাতাল ও হোটেল থেকে সংগ্রহ করা বর্জ্য ওই স্থানে স্তূপ করে রাখা হচ্ছিল। উন্মুক্ত স্থানে এসব বর্জ্য পড়ে থাকায় আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়াত। এতে পথচারী, সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কের পাশ থেকে ময়লার ভাগাড় সরানোর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। তবে দীর্ঘদিনেও তা অপসারণে দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজকে সকাল থেকে ভাগাড়ের ওপর থেকে কিছু ময়লা সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়ার কাজ শুরু হয়। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে ময়লা আবর্জনা না ফেলার দাবি জানিয়ে আসছি। দুর্গন্ধের কারণে এই সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছিল। পৌরসভা কর্তৃপক্ষ এত দিন কার্যকর ব্যবস্থা নেয়নি। এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে জায়গাটি পরিষ্কার করে বালু ফেলা হচ্ছে।

পথচারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা বলেন, এই সড়ক দিয়ে চলাচলের সময় দুর্গন্ধে নাক চেপে রাখতে হতো।
শহরের কয়েকটি সুনামধন্য স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় যাওয়ার সড়ক এটি শিক্ষার্থীরা এই পথ দিয়েই সচরাচর আসা-যাওয়া করেন।
শহরের বিভিন্ন জায়গার ময়লা এনে এখানে স্তূপ করে রাখা হতো। আজ পৌরসভা কর্তৃপক্ষ পরিষ্কার করছে। এভাবে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হলে আমাদের চলাচলে সুবিধা হবে এবং পরিবেশ দূষণমুক্ত হবে।

এবিষয়ে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং এবং ডিভাইডার মেরামত করছি। এছাড়া যেগুলো ময়লার স্তূপ রয়েছে সেখানে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, সফরসূচি অনুযায়ী আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯ টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হবেন। বেলা ১১ টার দিকে মন্দিরটি পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন বলে উল্লেখ রয়েছে।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।