নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা হাটের প্রবেশপথের দুই পাশে স্থাপনা নির্মাণ ও ব্যবসা পরিচালনার কারণে সংকুচিত হয়ে পড়েছে চলাচলের জায়গা। এতে যানজটের পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ পথচারী ও শিক্ষার্থীরা। এ পরিস্থিতিতে জনদুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে হাটের প্রবেশপথের পাশে পীযূষ অঙ্গ নামে একটি সংঘের কেনা জমিতে দোকান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে, দোকানসংলগ্ন চলাচলের রাস্তার পাশে বেশ কিছুদিন ধরে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন কয়েকজন। এতে হাটে প্রবেশ ও বের হওয়ার পথে চলাচল নিয়ে জটিলতা তৈরি হয়েছে।
অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনাকারীদের দাবি, তাঁরা সরকারি জমিতে অবস্থান করছেন। প্রশাসন উচ্ছেদের উদ্যোগ নিলে তাঁরা সরে যাবেন।
এ নিয়ে গত ১৭ অক্টোবর দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে।
স্থানীয়দের মতে, নাউতারা হাটের প্রবেশপথটি যানবাহন ও পথচারীদের নির্বিঘ্নে চলাচলের উপযোগী রাখা জরুরি। বিশেষ করে হাটে আসা ক্রেতা-বিক্রেতা এবং নিয়মিত চলাচলকারী শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পথটি উন্মুক্ত রাখা প্রয়োজন।
এ অবস্থায় স্থাপনাগুলোর বৈধতা ও জমির প্রকৃত মালিকানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, দ্রুত তদন্তের মাধ্যমে সমস্যার সমাধান করা হলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
