সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয় নিয়ে নীলফামারীর জলঢাকায় পালিত হয়েছে দৈনিক সংবাদ সারাবেলার নবম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সুধীজন অংশ নেন।
দৈনিক সংবাদ সারাবেলার জলঢাকা উপজেলা প্রতিনিধি আল ইকরাম বিপ্লব চিসতির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ কামারুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান লেবু, সাবেক সভাপতি ও সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান (মনি), জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, যুবদল নেতা শামীমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
আলোচনা সভায় বক্তারা দৈনিক সংবাদ সারাবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কথা তুলে ধরা এবং সমাজের অসংগতি ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তোলা। এ জন্য সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে হবে।
বক্তারা আরও বলেন, মানুষের আস্থা অর্জনে গণমাধ্যমকে সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান নিতে হবে। পাশাপাশি জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় দৈনিক সংবাদ সারাবেলার ভবিষ্যৎ সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
