নীলফামারীর ডিমলা উপজেলায় ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ঠাকুরগঞ্জ পিয়াজুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির একটি টহল দল।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন সেলিম সেখানে পৌঁছালে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে টহল দলের সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক সেলিম ডিমলা উপজেলার দারাজগঞ্জ ডাকঘর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রশিদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও স্থানীয়দের বরাতে সেলিম দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ও মোবাইল ফোনের আনুমানিক জব্দমূল্য ২২ হাজার টাকা।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তি ও জব্দ করা আলামত ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
