ঢাকাMonday , 19 October 2026
  1. অটোমোবাইল
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আমাদের স্পেশাল
  5. ইসলাম
  6. কর্পোরেট
  7. খেলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. বিশ্ব
  14. মতামত
  15. রংপুর
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুরে সাজসজ্জা, পরিচ্ছন্নতায় ব্যস্ত পৌরসভা

Link Copied!

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ নীলফামারীর সৈয়দপুরে। সড়কের পাশে টাঙানো হচ্ছে নতুন ব্যানার-ফেস্টুন, রং করা হচ্ছে সড়ক বিভাজকে। পাশাপাশি চলছে ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ। কোথাও জমে থাকা বর্জ্য সরানো হচ্ছে, আবার কোথাও ময়লার স্তূপ ঢেকে দেওয়া হচ্ছে বালু দিয়ে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাজসজ্জা ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর নগরীর ধর্মসভা মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ সফরে সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করে সড়কপথে রংপুরে যাবেন তিনি। তাঁর আগমন ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সড়কের পাশে টাঙানো হচ্ছে বর্ণিল ব্যানার-ফেস্টুন। বিভিন্ন স্থানে রং করা হচ্ছে, মেরামত করা হচ্ছে সড়ক বিভাজক। একই সঙ্গে শহরের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কারে কাজ করছেন পৌরসভার কর্মীরা।

তবে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে কোথাও কোথাও ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়ার দৃশ্যও দেখা গেছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের পথে শহরের সৌন্দর্য বাড়াতে এসব কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির নেতারা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও প্রস্তুতি নিয়েছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন। তাঁর আগমন ঘিরে আমরা উচ্ছ্বসিত। তাঁকে বরণ করে নিতে আমরা প্রস্তুত।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুরে যাবেন। সেখানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁকে শুভেচ্ছা জানানো হবে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কার করছি। পাশাপাশি বিভিন্ন স্থানে রং করা ও সড়ক বিভাজক মেরামতের কাজ চলছে। যেসব স্থানে ময়লার স্তূপ রয়েছে, সেগুলো বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন। সফরকালে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।